প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৪:১৬ পিএম (ভিজিট : ৪৪)

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন এক পেস বোলিং অলরাউন্ডার। তিনি ২৬ বছর বয়সী ক্রিকেটার রবিউল হক।
৩২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটারকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, 'একজন নতুন খেলোয়াড়কে আমরা দেখতে চাই। পটেনশিয়াল বোলিং অলরাউন্ডার। আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। এই সিরিজে আমরা ওকে দেখার সুযোগ থাকলে দেখে নিব। ভালো ফর্মে আছে। বিসিএল ফাইনালেও ভালো খেলেছে। গত ৩ বছর ধরে পরীক্ষিত অলরাউন্ডার। তাকে টেস্টে আমরা সুযোগ দিতে চাই।
এই টেস্টে পেসারদের অনেককেই বিশ্রাম দেওয়া হয়েছে। ঘোষিত টেস্ট স্কোয়াডে নেই নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। টানা ক্রিকেটের ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হয়েছে তাদের।
এ মাসের শেষদিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ এই সিরিজে খেলবে একটি টেস্ট। যদিও তা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়।
আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট।
একনজরে টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।