প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:০৫ পিএম (ভিজিট : ৩৯)

হাইকোর্টে শিশু রামিসাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার চলবে বিরতিহীনভাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একইসঙ্গে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি নিজেই করবেন বলে উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার (১১ জুন) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে মামলা শুনানিতে কোনো মুলতবি আবেদন করবো না।
এর আগে, বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। রোববার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এ হাইকোর্ট বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন।
জানা যায়, আলোচিত শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলা হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে বিশেষ টিমে রয়েছেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন।
এর আগে, গত ৯ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের নথি হাইকোর্টে আসে।
দুই আসামির ফাঁসির রায়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন স্বাক্ষরের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।
ফৌজদারি কোনো মামলায় আসামির মৃত্যুদণ্ড কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলা হিসেবে পরিচিত।