প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:০৩ এএম (ভিজিট : ৩৮)

কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে বিচার প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন। আজ তিনি আদালতের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
আদালতে অভিযোগ দায়েরের পর প্রতিক্রিয়ায় সংসদ সদস্য ইকবাল বলেন, হামের কারণে শিশুদের মৃত্যুর ঘটনা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তাঁর দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কেন পর্যাপ্ত হামের টিকা সংগ্রহ করা হয়নি এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত।
তিনি বলেন, “এত শিশু মৃত্যুর ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। হামের টিকা কেন সংশ্লিষ্ট সময়ে কেনা হয়নি, কারা এর জন্য দায়ী, তা খুঁজে বের করতে হবে। জনগণের জানার অধিকার রয়েছে।”
এ সময় তিনি আরও বলেন, “এখন একটাই প্রশ্ন—আদালত কি বিষয়টি আমলে নেবে? আমরা বিশ্বাস করি, ন্যায়বিচারের স্বার্থে আদালত সত্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
সংসদ সদস্য ইকবাল তাঁর বক্তব্যে বলেন, “দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে, যেখানে অন্যায়ের সঙ্গে কোনো আপস থাকবে না। ব্যক্তি যত প্রভাবশালী বা ক্ষমতাবানই হোক, সে সরকারি দলের হোক বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে।”
এদিকে, আদালত অভিযোগটি গ্রহণ করবে কি না এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ কী হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টির সত্যতা ও অভিযোগের ভিত্তি নির্ধারণে আদালতের সিদ্ধান্ত এবং সম্ভাব্য তদন্তের ফলাফলের দিকেই এখন সবার নজর।