প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৩৯ পিএম (ভিজিট : ৩২)

চলতি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সম্ভাব্য সময়সূচির কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করতে প্রধানমন্ত্রী শিগগিরই রাষ্ট্রীয় সফরে বেইজিং যাচ্ছেন।
বুধবার (১০ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার বলেন, পারস্পরিক আস্থা, উন্নয়ন সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। অবকাঠামো, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে চীনের অবদান বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এসব ক্ষেত্রে আরও বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
কায়সার কামাল বলেন, চীন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী। দুই দেশের নেতৃত্ব বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর আসন্ন সফর সেই সম্পর্ককে নতুন মাত্রা দেবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফোরামে ইউনান প্রদেশের গভর্নরসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক ও নীতিনির্ধারকেরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল এবং সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।