
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বেলা ৩ টার পর তিনি বাজেট বক্তৃতা শুরু করেন। এতে স্বাস্থ্যখাতে বড় বরাদ্দের কথা জানানো হয়েছে। নিয়োগ দেওয়া হবে ৫০০০ এমবিবিএস ডাক্তার ও ১ লাখ স্বাস্থ্যকর্মী।
এটি দেশের ৫৫ তম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আমির খসরুর প্রথম বাজেট পেশ। তারেক রহমানের সকারেরও প্রথম বাজেট এটি।
বাজেট বক্তৃতায় বলা হয়েছে, অবিলম্বে ৫,০০০ এমবিবিএস চিকিৎসক নিয়োগ এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম গ্রহণ, যার ৮০ শতাংশ হবে নারী।
স্বাস্থ্য খাতে বাজেটের গুরুত্বপূর্ণ লক্ষ্য-
• বর্তমান সরকার কর্তৃক স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ ;
• প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন;
• সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক "ই-হেলথ কার্ড" প্রদান;
• সার্জারিসহ জটিল ও বিশেষায়িত চিকিৎসাসেবা জেলা সদর হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত করা;
• API (Active Pharmaceutical Ingredient) শিল্প পার্কসহ প্রয়োজনীয় অবকাঠামো, গবেষণা, বিনিয়োগ ও নীতিগত সহায়তা প্রদান;
• এলডিসি (LDC) থেকে উত্তরণের প্রেক্ষাপটে ঔষধ শিল্পের ধারাবাহিক বিকাশ, উদ্ভাবন
• হাম-এর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রথম ১০০ দিনের মধ্যেই প্রায় শতভাগ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান;
• অবিলম্বে ৫,০০০ এমবিবিএস চিকিৎসক নিয়োগ এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম গ্রহণ, যার ৮০ শতাংশ হবে নারী।
• স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ, যা জিডিপির ১.০১ শতাংশ; ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, জিডিপি’র ০.৫৮ শতাংশ।