প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৪৯ পিএম (ভিজিট : ৭২)

বজ্রপাতের কারণে এমনিতেই খেলা বন্ধ ছিল। এবার বৃষ্টি নেমেছে মিরপুরে। ফলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ১ম ওয়ানডে ম্যাচ নতুন করে থমকে গেল। এ অবস্থায় ডাকওয়ার্থ লুইস সিস্টেমের আশ্রয় নিতে হতে পারে ম্যাচ অফিসিয়ালদের।
এর আগে ম্যাচের প্রথম ইনিংস শেষে বৃষ্টি নামে। যদিও কোনো ওভার কাটা হয়নি। এবার বৃষ্টি নামল যখন, বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র ১ উইকেট।
ক্রিকেটাররা অবশ্য বৃষ্টির আগেই মাঠ ছাড়েন। বজ্রপাত দেখে! নিয়ম অনুযায়ী, সর্বশেষ বজ্রপাতের ঝলক বা বজ্রধ্বনির পর ৩০ মিনিট না পেরোনো পর্যন্ত খেলা পুনরায় শুরু করা যাবে না। এই ৩০ মিনিটের মধ্যে আবার কোনো বজ্রপাত দেখা গেলে ৩০ মিনিটের গণনা নতুন করে শুরু হবে।
এরই মধ্যে নামে বৃষ্টি। বাংলাদেশের ২৮৪ রান টপকাতে নেমে অজিরা ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান জড়ো করেছে। বাংলাদেশ নিশ্চিতভাবেই ম্যাচ জিততে চলেছে। যদিও তা দীর্ঘায়িত হচ্ছে বজ্রপাত, বজ্রপাত পরবর্তী সতর্কতা ও বৃষ্টির কারণে।
এ মুহূর্তে যদি ডাকওয়ার্থলুইস পদ্ধতির আশ্রয় নেওয়া হয়, তাহলে ৬৯ রানে এগিয়ে থাকবে বাংলাদেশ। তাই বৃষ্টিতে ম্যাচ বিলম্ব হলেও, বাংলাদেশের জয় নিয়ে সংশয় নেই বললেই চলে।