ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে: মো. মহসীন
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসীন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অভাবনীয় বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। তিনি দাবি করেন, বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যা বিগত ৫৪ বছরের অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের প্রতিবাদের বহিঃপ্রকাশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনি মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মো. মহসীন বলেন, নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। জনগণ বিশ্বাস করে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ একটি কল্যাণমূলক ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে। সে লক্ষ্যেই নারী-পুরুষ, কৃষক-শ্রমিক ও ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে আগ্রহী হয়ে অপেক্ষা করছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের বিজয় নিশ্চিত করতে ভোটকেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে এবং কোনো অবস্থাতেই কেন্দ্র দখলের চেষ্টা সফল হতে দেওয়া যাবে না। যারা ভোট কারচুপির ষড়যন্ত্র করছে, তাদের শান্তিপূর্ণভাবে প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা জানিয়ে মো. মহসীন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন কমিটির পরিচালক মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য মহিউদ্দিন ফারুক, জেলা সেক্রেটারি মাওলানা মো. আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মো. সারোয়ার হাসান আলমগীর ও উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মাইনুদ্দিন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনি মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি উপজেলা মাওলাগঞ্জ বাজার মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাতুরবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।