স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক এমপি হারুনুর রশীদের
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৯ AM

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান নিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় তিনি এ আহ্বান জানান। সভার আয়োজন করে সদর আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।
হারুনুর রশীদ বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের পক্ষে এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের দল। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী শক্তির বিপক্ষে ভোট দিতে হবে।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি নির্বাচনকে ঘিরে বিভিন্ন অনিয়ম ও অপচেষ্টার অভিযোগও তুলে ধরেন। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে তিনি বলেন, এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। ভোটারদের এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি প্রার্থী।
জনসভায় বিএনপির সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আসরাফি পাপিয়া বলেন, এবারের নির্বাচন স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী ও উগ্রবাদী মানসিকতার শক্তি যেন রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে, সে জন্য সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় জনগণের পাশে রয়েছে।
জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, বিএনপি নেতা ময়েজ উদ্দীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।