প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ এএম (ভিজিট : ৫৫)

সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।
রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি জানান, বুধবার রাতে গচিহাটা বাজারে গিয়েছিলেন তার ছেলে শাহরিয়ার জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, আহত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তার শরীরে বড় ধরনের ক্ষত রয়েছে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।