প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম (ভিজিট : ৫৯)

সংগৃহীত ছবি
আগামী তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
এ ছাড়া মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
এ সময় বাস মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রায় ৮০টি বাস রাখার উপযোগী নতুন জায়গা তাঁদের বুঝিয়ে দেওয়া হয়।
ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার বাস টার্মিনাল ও ডিপো আলাদা করার উদ্যোগ নিয়েছে। মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে, তবে বাস ডিপো স্থানান্তর করা হবে পূর্বাচলে। এ ছাড়া রাজধানীর যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় সরিয়ে নেওয়া হবে। এর মাধ্যমে টার্মিনাল ও ডিপোর কার্যক্রম পৃথক করা হবে।
মিরপুরে সম্প্রতি সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
এ সময় বাস মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, রাজধানীর বাস টার্মিনাল এলাকাগুলোর যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।