প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম (ভিজিট : ৬৮)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেকপোস্টে তল্লাশি চালিয়ে র্যাবের সদস্য পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাবের চারটি কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, পিস্তলের একটি কভার, র্যাবের একটি পরিচয়পত্র, ৯০টি প্লাস্টিকের টাই ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা অভিমুখী সড়কে স্থাপিত চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, ঝালকাঠির নলছিটি এলাকার মো. সোহেল (৩৫) ও গাজীপুরের জয়দেবপুর এলাকার মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)।পুলিশ বলছে, তারা নিজেদের র্যাবের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিলেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) চন্দন দে’র নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় সন্দেহ হওয়ায় দুজনকে আটক করে তল্লাশি চালানো হয়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে চারটি কালো রঙের র্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, পিস্তলের একটি কভার ও একটি র্যাবের পরিচয়পত্র পাওয়া যায়।
পরিচয়পত্রটিতে ‘এমডি সুমন হোসাইন’ নামের একজন কনস্টেবলের তথ্য রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ৯০টি প্লাস্টিকের টাই ও এফজেড-১ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি আব্দুল বারিক জানান, জব্দ করা সরঞ্জাম ব্যবহার করে তারা র্যাবের সদস্য পরিচয়ে কোথাও প্রতারণা বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।