প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ পিএম (ভিজিট : ৪৯)

ভুয়া পরোয়ানা বা ওয়ারেন্টের মাধ্যমে নিরীহ নাগরিকদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধে সেন্ট্রাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে পরোয়ানার সত্যতা নিশ্চিত হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে অবিলম্বে একটি সার্কুলার জারি করে সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানোর জন্য পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ সেপ্টেম্বর সোমবার এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি কে এম হাফিজুল আলম এবং বিচারপতি মুরাদ এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ে আদালত আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন দেশের সব জেলা জজ, মহানগর জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ (সিএমএম) সব অধস্তন আদালতের বিচারকদের কাছে একটি পরিপত্র পাঠান। এতে বলা হয়, ভবিষ্যতে যেকোনো নালিশি (সিআর) মামলা দায়েরের সময় বাদী ও সংশ্লিষ্ট আইনজীবীর পরিচয় নিশ্চিত করতে হবে। এজন্য নালিশি মামলার সঙ্গে বাদীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি এবং আইনজীবীর প্রফেশনাল পরিচয়পত্রের কপি সংযুক্ত রাখা নিশ্চিত করতে হবে।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, কোনো নাগরিককে গ্রেপ্তার করতে হলে ফৌজদারি কার্যবিধির সুস্পষ্ট বিধানাবলি পুরোপুরি অনুসরণ করতে হবে; অন্যথায় তা আইনের মারাত্মক ব্যত্যয় ঘটবে। ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে কাউকে গ্রেপ্তার করা হলে তার মৌলিক ও সাংবিধানিক অধিকার চরমভাবে ক্ষুণ্ন হয়, যা রক্ষা করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।
আদালত আরও বলেন, আদালতের প্রক্রিয়ার অপব্যবহার করে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন, সেজন্য মামলা দায়ের ও গ্রেপ্তারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি। কারণ ভুয়া মামলা বা গ্রেপ্তারের মাধ্যমে একজন নাগরিকের যে অপূরণীয় ক্ষতি হয়, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন আইনজীবী মোহাম্মদ ছারওয়ার আহাদ চৌধুরী, সঞ্জয় মন্ডল ও নাসরিন সুলতানা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মোহাম্মদ হুমায়ুন হোসেন তুহিন।