প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০২ পিএম (ভিজিট : ৫৬)

যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল এবং সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের আওতাধীন সব থানায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে এসব কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েলকে দায়িত্ব দেওয়া হয়।
একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি রফিক আহমেদ ভলার ও ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক বিলাল হোসেন তারেককেও দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত নেতাদের মহানগর নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট সব থানা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনার কথা জানানো হয়।
সূত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেস বিজ্ঞপ্তি।