প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:২৩ পিএম (ভিজিট : ১২৪)

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক নারীর ঘর থেকে মসজিদের এক ইমামকে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতা আটক করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদ (টাঙ্গাইল পাড়া)-এর ইমাম মো. সেলিম ওই এলাকার মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমের ঘরে গেলে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে তাঁরা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। অভিযুক্ত ইমাম মো. সেলিম উপজেলার নলছিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মসজিদের একাধিক মুসল্লি অভিযোগ করে বলেন, “মো. সেলিম দীর্ঘ ১০ বছর ধরে এই মসজিদে ইমামতি করছেন। তাঁর এমন ঘটনায় আমরা বিব্রত।”
স্থানীয় বাসিন্দারা জানান, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম মো. সেলিমের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে এলাকায় আলোচনা ছিল।
অভিযোগের বিষয়ে ইমাম মো. সেলিম বলেন, “গত দেড় মাস ধরে মুঠোফোনে তাদের যোগাযোগ হয়। যোগাযোগের একপর্যায়ে গত রাতে তিনি ওই বাসায় আসেন। পরে স্থানীয় জনতা তাকে আটক করে।”
এ বিষয়ে শানু বেগম বলেন, “আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। গতকাল আমি বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। আমাকে যেতে না দিয়ে গত রাতে তিনি আমার ঘরে এসেছেন। আমি তাকে বিয়ে করতে চাই।”
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”