রবিবার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: ইরানকে বাদ দিতে ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন, মুখ খুললেন অস্ট্রিয়া কোচ   তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার   অভাবের কাছে হার মানেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা    হরমুজ প্রণালি নিয়ে নতুন ঘোষণা, ৩০ দিনের নিয়ন্ত্রণের দাবি ইরানের   আট জেলায় তাপপ্রবাহ, কবে নামবে বৃষ্টি?   গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি   নকআউট নিশ্চিত আলজেরিয়া ও অস্ট্রিয়ার, বিদায় ইরান   
তুরাগে ভেসে উঠলো ৩ মরদেহ, জানা গেল পরিচয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:৩৩ এএম   (ভিজিট : ৫৭)

ঢাকার তুরাগ নদ থেকে দুই দিনে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে ফেসবুকে যে প্রচারণা চালানো হচ্ছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ। যদিও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর মধ্যে দুজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। 

যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- তুরাগ থানার রানাভোলা এলাকার মো. শাহ আলমের ছেলে মো. সুমন (১৭), একই এলাকার আরিফ হাসান রাকিব (২৫) ও রাজধানীর মনিপুর মোল্লাপাড়ার বাসিন্দা কফিল উদ্দিন মোল্লার ছেলে রনি মোল্লা (৩৫)।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মো. সুমন ২২ জুন বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। শুক্রবার তুরাগ নদ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

সুমনের বাবা-মা বাকরুদ্ধ

শনিবার দুপুরে রানাভোলা এলাকায় সুমনের ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, সুমনের বাবা মো. শাহ আলম, মা ও বোন বসে আছেন দুই কক্ষের বাসার একটি কক্ষে। ছেলেকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ। কথা বলতে গেলেও চুপ থাকেন তারা। সান্ত্বনা দেওয়ার পর কথা বলেন। তবে অধিকাংশ প্রশ্নে চুপ থাকেন। সুমন ২২ তারিখ থেকে নিখোঁজ ছিল কিনা, এমন প্রশ্নের কোনও উত্তর দেননি বাবা।

এ সময় আত্মীয়-স্বজনরা কোনও কিছু জিজ্ঞেস না করতে অনুরোধ করেন। নিখোঁজ ছিল, এতটুকু উত্তর দিয়ে তারা জানান, শুক্রবার খবর পেয়ে তারা লাশ নিয়ে আসেন। মোবাইল থেকে সুমনের সব ছবি ডিলিট করে দেওয়া হয়েছে। বাসায় থাকা ছবিগুলোও ছিঁড়ে ফেলা হয়েছে। সুমনের মোবাইল ভেঙে ফেলা হয়েছে। সন্তান হারানোয় মানসিক যন্ত্রণা বাড়বে, তাই কোনও স্মৃতি রাখা হয়নি।

একপর্যায়ে ফেসবুকে সুমন আহমেদ চৌধুরী (ইংরেজিতে) নামের একটি আইডি দেখানো হলে সেটি সুমনের বলে নিশ্চিত করেন পরিবারের সদস্য ও কয়েকজন প্রতিবেশী। সুমন কামারপাড়া আড়তে কাঁচামালের ব্যবসা করত বলে জানান তারা। ফেসবুক আইডি পর্যালোচনা করে দেখা যায়, ছয় দিন আগে সর্বশেষ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রার ভিডিও আপলোড করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় দলীয় কার্যক্রমের ভিডিও আপলোড করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘আমরা স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ২৫ জুন দিবাগত রাতে আশুলিয়া বাজারের পাশে তুরাগ নদের পাশের এক চক থেকে একজনের মরদেহ উদ্ধার করি। পরে নিহত ব্যক্তির পরিবার মরদেহটি সুমনের বলে শনাক্ত করে। গতকাল এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই অপমৃত্যুর মামলা করেছেন। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন ২২ জুন পিকনিকের কথা বলে সুমন বাসা থেকে বের হয়। পরে তুরাগ নদে পড়ে যায়। সে সাঁতার জানতো না। পরিবারের সদস্যরা নদে খোঁজাখুঁজি করেছেন। নদে একটি লাশের কথাই আমরা জানি। আর অন্যান্য যেসব কথাবার্তা আসতেছে, ওগুলোর বিষয়ে আমাদের জানা নাই।’

একই দিন নিখোঁজ হন আরিফ

আরিফের চাচা মো. আরশাদুল ইসলাম বলেন, ‘২২ জুন বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়ে যায় আরিফ। ওই দিন বিকাল ৪টার একটু আগে মোবাইলে মায়ের সঙ্গে কথা হয়েছিল তার। এরপর থেকে নিখোঁজ ছিল। গত বুধবার তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার হয়। সে যে রাজনীতি (আওয়ামী লীগের) করতো আমরা জানতাম না। মৃত্যুর পর কয়েকজন ভিডিও-ছবি দেখানোর পর জানছি রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথা। আমরা জানি না কীভাবে মারা গেছে। সাঁতার খুব একটা ভালো পারতো না আরিফ। লাশ উদ্ধারের পরও মামলা করতে চাইনি। কিন্তু থানা পুলিশের একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হয় তাই মামলা করছি। বৃহস্পতিবার গ্রামের বাড়ি রংপুরে লাশ দাফন করা হয়েছে।’

আরিফ আর রনির লাশ একই দিন উদ্ধার

এ ব্যাপারে আমিনবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‌‘২৪ জুন সকালে আরিফ নামের একজনের লাশ উদ্ধার করা হয়। একই দিন দুপুরে দিয়াবাড়ি ঘাটে কয়েকজন একসঙ্গে গোসলের সময় রনি মোল্লা নামের একজন ডুবে যায়। অন্যরা ঘণ্টাখানেক চেষ্টার পর তাকে মৃত অবস্থায় পাড়ে তোলেন। রনির মৃত্যু হওয়ার ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

রনির বাবা কফিল উদ্দিন মোল্লা বলেন, ‘উত্তরার দিয়াবাড়ি এলাকায় একটি হোটেলে কাজ করতো রনি। ২৪ জুন রনির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গোসল করার সময় মারা গেছে। হোটেলের লোকজন জানিয়েছেন, ওই দিন সকালে রনি হোটেল থেকে বের হয়েছিল। তার মানসিক একটু সমস্যা ছিল, যখন মন চাইতো এদিক-সেদিক চলে যেতো। কোনও দলের রাজনীতির সঙ্গে কখনোই জড়িত ছিল না।’

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘তুরাগ নদের আশুলিয়া থানা এলাকা থেকে ২২ জুনের পর একটি লাশ উদ্ধার হয়েছে। ওই দিন মিছিল হয়েছিল, বেশ কিছু আসামি গ্রেফতারও করা হয়েছিল, সবই হয়েছে আশুলিয়া থানা এলাকায়। তবে কারও মৃত্যুর কথা আমার জানা নেই।’

ফেসবুকের প্রচারণা গুজব বলছে পুলিশ

এদিকে, সুমনের লাশ উদ্ধারের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেসবুক পেজ বা আইডি থেকে প্রচার করা হয়, তুরাগ থানা এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে বিএনপি নেতাকর্মী ও পুলিশের হামলার পর থেকে সাত নেতাকর্মী নিখোঁজ এবং চার জনের লাশ তুরাগ থেকে উদ্ধার করা হয়।

তবে এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনও ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ।’

প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একই ধরনের কথা জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। কমিশনার ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হন। একইসঙ্গে মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে পুলিশ।’









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]