নড়াইলের লোহাগড়া উপজেলার ১৬০নং খলিশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন আন্তর্জাতিক শিক্ষা উন্নয়ন সংস্থা Room to Read-এর যুক্তরাষ্ট্র থেকে আগত ডোনার প্রতিনিধি, বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর, কান্ট্রি ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রতিনিধিদল বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পঠন দক্ষতা উন্নয়ন কার্যক্রম, শ্রেণিকক্ষ পরিচালনা পদ্ধতি এবং সামগ্রিক শিক্ষা পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের রিডিং স্কিল, শিক্ষকদের আধুনিক GRR (Gradual Release of Responsibility) টিচিং মেথডের সফল প্রয়োগ এবং বিদ্যালয়ের পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদল বিভিন্ন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তারা শিক্ষার্থীদের সাবলীল পাঠ, শব্দ চিনতে পারার সক্ষমতা, পাঠ বুঝে পড়ার দক্ষতা এবং শ্রেণিকক্ষে সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষকদের পাঠদান কৌশল, শিশু-বান্ধব শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বলেন, “প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধিতে এ বিদ্যালয়ের অগ্রগতি অত্যন্ত আশাব্যঞ্জক। শিক্ষার্থীদের পাঠদক্ষতা, শিক্ষকদের নিষ্ঠা এবং GRR পদ্ধতির কার্যকর প্রয়োগ আমাদের মুগ্ধ করেছে। এ ধরনের উদ্যোগ প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস পারভীন বলেন, “রুম টু রিডের কারিগরি সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলে আমাদের শিক্ষার্থীদের পাঠদক্ষতায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শিশুদের শেখার আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকের এই পরিদর্শন এবং ইতিবাচক মূল্যায়ন আমাদের জন্য বড় অনুপ্রেরণা।”
পরিদর্শন শেষে প্রতিনিধিদল শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের পঠন দক্ষতা আরও উন্নত করা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পর্যায়ের এই পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।