প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১২:২৯ পিএম (ভিজিট : ৫০)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতের অভিযোগ স্পষ্ট। প্রার্থী তালিকায় বর্তমান সরকারি দলের সংসদ-সদস্য, মন্ত্রী এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের আত্মীয়স্বজনের উপস্থিতি উল্লেখযোগ্য। অভিযোগ রয়েছে, প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশ কোনো না কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সুবিধাভোগী। বিসিবির অধিকাংশ পরিচালক ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কয়েকটি পদে আজ নির্বাচন হবে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ চলবে। ফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়।
নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি-১ থেকে ১০ পরিচালকের মধ্যে সাতজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, চট্টগ্রামের মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী, রাজশাহী বিভাগের মীর শাকরুল আলম এবং রংপুরের মির্জা ফয়সাল আমীন। এই ক্যাটাগরিতে খুলনা বিভাগের দুটি পদের জন্য শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুছ ছালাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। বরিশাল বিভাগের একটি পদের জন্য লড়বেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী। ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
ঢাকার ক্লাবভিত্তিক ক্যাটাগরি-২-এ ১৬ প্রার্থীর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে স্বচ্ছ নির্বাচনের আভাস মিললেও শেষ মুহূর্তে ভিন্ন কৌশল অবলম্বনের অভিযোগ রয়েছে। এখানে ৩৯টি ই-ভোট প্রদান করা হবে। নাম প্রকাশ না করার শর্তে এক কাউন্সিলর জানান, ঢাকায় অবস্থান করেও অনেক ভোটার ই-ভোট দেবেন, যা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এই ক্যাটাগরিতে ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল, তামিম ইকবাল খান, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, শানিয়ান তানিম ও সাঈম ইব্রাহীম আহমেদের পরিচালক হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। বাকি দুটি পদের জন্য আমজাদ হোসেন, সাকিফ আহমেদ সালাম ও ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।