প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:৪৯ পিএম (ভিজিট : ২৪)

ভারতের আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন কিশোর ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী। জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারলে মাত্র ১৫ বছর বয়সেই ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়বেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়ার বরাতে সূর্যবংশীর দলে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া। একই অনুষ্ঠানে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শ্রেয়ার আইয়ারের নামও ঘোষণা করা হয়।
সূর্যবংশীর জাতীয় দলে ডাক পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে তার দুর্দান্ত আইপিএল মৌসুম। ২০২৬ আইপিএলে তিনি অরেঞ্জ ক্যাপ জিতেছেন ১৬ ইনিংসে ৭৭৬ রান করে।
তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৭.৩০, গড় ৪৮.৫০। পুরো মৌসুমে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন তিনি।
প্লে-অফেও ছিলেন দারুণ ধারাবাহিক। এলিমিনেটরে ব্যাট করতে নেমে এক মৌসুমে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়ে ভেঙে দেন ক্রিস গেইলের দীর্ঘদিনের কীর্তি।
শুধু টি-টোয়েন্টি নয়, বয়সভিত্তিক ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে একাধিক রেকর্ড নিজের করে নেন।
ভারতের সর্বকনিষ্ঠ অভিষিক্ত ক্রিকেটারের রেকর্ড বর্তমানে শচিন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল কিংবদন্তি এই ব্যাটারের।
সূর্যবংশী মাঠে নামলেই সেই রেকর্ড নতুন করে লেখা হবে।