প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:১৩ পিএম (ভিজিট : ১৩৬)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দীর্ঘদিনের ছাত্র ও যুব রাজনীতির সক্রিয় সংগঠক এম. কামরুজ্জামান। তার এই মনোনয়নে দলের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এম. কামরুজ্জামান। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে তিনি নিজেকে একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও চাপ মোকাবিলা করেও তিনি দলের প্রতি তার আনুগত্য ও দায়বদ্ধতা অব্যাহত রেখেছেন।
যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় এম. কামরুজ্জামান বলেন, “এটি আমার জন্য অত্যন্ত গৌরবের এবং আবেগঘন একটি মুহূর্ত। সুদীর্ঘ দুর্গম পথের যোদ্ধা হয়ে দলের জন্য নিরলসভাবে কাজ করার যে স্বীকৃতি আজ পেলাম, তা আমাকে আগামী দিনে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশনেতা তারেক রহমান আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি দলের আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের মতোই সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
এ সময় তিনি যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব, সিনিয়র নেতৃবৃন্দ, সহযোদ্ধা নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দলের প্রত্যেক কর্মীর ত্যাগ, শ্রম ও সংগ্রামের ফলেই আজকের এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় ও পরীক্ষিত নেতৃত্বকে মূল্যায়নের মাধ্যমে যুবদলের নতুন কমিটিতে সংগঠনকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এম. কামরুজ্জামানের মতো ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের অন্তর্ভুক্তি আগামী দিনে যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে মনে করছেন তারা।