
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে পথচলার ৫ম বছরে পদার্পণ করল দৈনিক আজকালের কণ্ঠ। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় পত্রিকাটির প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে এটি এক মিলনমেলায় পরিণত হয়।
দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর দৈনিক আজকালের কণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিজান স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজনের উদ্বোধন করেন।
এ সময় বক্তারা পত্রিকাটির গত চার বছরের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কলম চালিয়ে যেতে হবে। যেন ভবিষ্যতে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোন্দকার মাশুকুর রহমান প্রশাসক জেলা পরিষদ মাদারীপুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সকলের সময়-এর সম্পাদক ও প্রকাশক নুর হাকিম, দৈনিক শেষ কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইউনুস সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল তালুকদার, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মশিউর রহমান (লাভলু), এনসিপি-এর মুখ্য সমন্বয়ক মুজাহিদুল ইসলাম শাহীন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বাহাদুর, দৈনিক ভোরের পাতা-র অনলাইন ইনচার্জ আল-আমিন (পনির), আরটিভি ন্যাশনাল ডেস্কের সাইকোল উজ্জ্বলসহ প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকরা।
এছাড়া পত্রিকাটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার রাহাত ভূঁইয়া, মফস্বল সম্পাদক রাণী সরকার, সহ-সম্পাদক কবির হোসেন খান, রিপোর্টার রিয়ন ইসলাম সোহাগ, ফারুক হোসেন, সহ-সম্পাদক বজলুর রহমান, সেলিম আজাদ, পত্রিকা পরিবেশক রাসেল মাহমুদ, সুজন হাওলাদার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি, কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ সাহিদ উদ্দিন, কদমতলী থানা প্রতিনিধি মো. নুরে আলম পাটোয়ারী, কেরানীগঞ্জ থানা প্রতিনিধি মো. মুসা কালিমুল্লাহসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
এ সময় সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিজান বলেন, এবারের আয়োজনটি ব্যতিক্রমী। সাধারণত সংবাদমাধ্যমের অনুষ্ঠানে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি বেশি দেখা যায়। কিন্তু দৈনিক আজকালের কণ্ঠ-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শুধুমাত্র সাংবাদিকদের নিয়ে আয়োজন করা হয়েছে এবং সাংবাদিক নেতাদের মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়েছে—যা প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।