সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬৪ পোশাক কারখানায় সাধারণ ছুটি   মাত্র ২৬ দিনে পবিত্র কোরআন হেফজ করেন গাজার মুহান্নাদ   ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে, সরকারের কঠোর অবস্থান চান জামায়াত আমির   কাঙ্ক্ষিত দাম না পেয়ে আবুধাবিতে ফেরত নেওয়ার চেষ্টা, ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম জব্দ   সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপির এলিজা জামান   শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী   
২০২৭ সালের জানুয়ারির বেতনে নতুন মজুরি চান পোশাকশ্রমিক নেতারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৭০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ২০২৭ সালের জানুয়ারির বেতনের সঙ্গে কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে মজুরি বোর্ডের কার্যক্রমে বিলম্ব না করে দ্রুত ধারাবাহিক বৈঠকের মাধ্যমে মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছেন তাঁরা। প্রয়োজনে সারা রাত বৈঠক করেও সিদ্ধান্তে পৌঁছানোর কথা বলেছেন শ্রমিক প্রতিনিধিরা।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আক্তার।

তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। সে হিসাবে ২০২৬ সালের ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। তাই এবার যে মজুরিই নির্ধারণ করা হোক, তা যেন ২০২৭ সালের জানুয়ারির বেতনের সঙ্গে শ্রমিকেরা হাতে পান, সেটিই তাঁদের প্রত্যাশা।

বাবুল আক্তার বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব চান না তাঁরা। আগের মতো ১৫ দিন পরপর বৈঠক কিংবা কোনো প্রতিনিধি দেশে থাকবেন কি না—এ ধরনের অজুহাতে আলোচনা পিছিয়ে দেওয়া যাবে না। এক বৈঠকের পর এক বা দুই দিনের বিরতি দিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যেতে হবে। প্রয়োজনে সারা রাত বৈঠক করেও দ্রুত মজুরি নির্ধারণ করতে হবে।

মজুরি বোর্ড গঠন প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড গঠনের কথা থাকলেও বাস্তবে তা করতে অনেক দেরি হয়েছে। অন্যদিকে শ্রমিকদের আন্দোলন দমাতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা ও সাধারণ শ্রমিকদের নির্বিচারে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

গ্রেপ্তার শ্রমিকদের দ্রুত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বাবুল আক্তার।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। কোনো ধরনের ঘোষণা ছাড়া আন্দোলন-সংগ্রামে না জড়ানোর জন্যও শ্রমিকদের অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন। তিনি অবিলম্বে মজুরি বোর্ডের সভা আহ্বানের দাবি জানান।

আনোয়ার হোসাইন বলেন, দ্রুত সভা আয়োজনের জন্য তাঁরা চেষ্টা করবেন। আজ অথবা আগামীকাল শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে চিঠি দিয়ে মজুরি বোর্ডের সভা আহ্বানের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ অন্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]