বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ব্যাংকের পর্ষদে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে অনড় বাংলাদেশ ব্যাংক   প্রধানমন্ত্রীর তারেক রহমানের সাথে বৈঠকে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীরা   ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনা দেখছেন ট্রাম্প   রফতানি বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে শফিকুর রহমান   কক্সবাজারে ১৪ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন   গ্রিড বিপর্যয়ে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, অন্ধকারে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালের বহু এলাকা   
ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনা দেখছেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ২৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কানাডা, গ্রিনল্যান্ড ও পানামা খাল নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তেলসম্পদ নিয়ে করা একটি চুক্তির প্রশংসা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টেক্সাসের করপাস ক্রিস্টিতে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় উপকূলে থাকা একটি তেলবাহী জাহাজের দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, জাহাজটিতে ভেনেজুয়েলা থেকে আনা ১০ লাখ ব্যারেল তেল রয়েছে।

সমাবেশে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা একটি সমৃদ্ধ দেশে পরিণত হবে এবং অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

ভেনেজুয়েলার সঙ্গে হওয়া তেল চুক্তিকে ‘ইতিহাসের সবচেয়ে বড় তেলবিজয়’ আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেন, এই তেল যুক্তরাষ্ট্রে আনতে মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না।

উল্লেখ্য, গত জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে তেল চুক্তি করে ওয়াশিংটন। তবে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারে ট্রাম্প প্রশাসন যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে না বলে সমালোচকেরা অভিযোগ করে আসছেন।

এর আগে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ এবং পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে নেওয়ার বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দেন ট্রাম্প।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সামনে রেখে এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে রাজনৈতিক চাপ মোকাবিলায় ভেনেজুয়েলার সঙ্গে তেল চুক্তিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন ট্রাম্প। এর মাধ্যমে ভোটারদের কাছে নিজের প্রশাসনের জ্বালানিনীতি ও অর্থনৈতিক সাফল্য তুলে ধরার চেষ্টা করছেন তিনি।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]