
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেত্রী শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন দেখা হবে, ইনশাআল্লাহ রাজপথে।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেসব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। এটাই সবচেয়ে পবিত্র দায়িত্ব। যারা আহত হয়েছে, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ করে তোলা সরকারের পবিত্র দায়িত্ব।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন বলেন, আপনাদের নির্বাচিত সরকার আমরা। ভুল হলে আমাদের শুধরিয়ে দেবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারব না, হতেও চাই না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগে দেখেন, তাদের কোনো অনুসূচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর। এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে- ডিসেম্বরে আসবেন, দেশে এসে পদার্পণ করবেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি। এখন ৮২ বছর বয়সে আরেকটা করবো বাংলাদেশের জন্যে। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য। যুদ্ধে আহত হয়েছিলাম ১৯৭১ সালে, এ ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়।