প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:১৮ পিএম (ভিজিট : ৫৩)

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান মিনারা ফিরোজ ইনফোটেকসহ কয়েকটি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ডিভাইস ও যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। ওই ঘটনায় DFN নামের একটি ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মিনারা ফিরোজ ইনফোটেকের পক্ষে আনোয়ার হোসাইন গত ২৭ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। রোববার (২ আগস্ট) তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিট থেকে ৬টা ৪০ মিনিটের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকায় মিনারা ফিরোজ ইনফোটেকসহ অন্যান্য ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানের বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস ও সরঞ্জাম খুলে নিয়ে যান DFN প্রতিষ্ঠানের কর্মচারী মাহমুদুল্লাহ ও আকাশ নামে দুই ব্যক্তি। এতে প্রায় ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
জিডিতে আরও বলা হয়, ঘটনাটির তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে DFN প্রতিষ্ঠানে কর্মরত টেকনিশিয়ান মাহমুদুল্লাহকে স্পষ্টভাবে শনাক্ত করা গেছে বলে অভিযোগকারী দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে DFN কোম্পানির স্বত্বাধিকারী ওসামা জানান, অভিযুক্ত মাহমুদুল্লাহর সঙ্গে বর্তমানে যোগাযোগ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একটি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।