প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১:০৫ এএম (ভিজিট : ৩০)

ঝিনাইদহ মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গয়েশপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (২৭ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে ৫৮ বিজিবি এর অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সীমান্ত পিলার ৬৮/৫-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের মো. সজলের আমবাগানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদের বোতলগুলো উদ্ধার করা হয়।
৫৮ বিজিবি এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন অবস্থায় ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।