প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:১৭ এএম (ভিজিট : ৩৯)

উপসচিব ও সমপর্যায়ের ১৭৯ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁদের মধ্যে বিদেশে মিশনে কর্মরত সাতজন কর্মকর্তা রয়েছেন।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁদের পদোন্নতি দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে। রেওয়াজ অনুযায়ী, পদোন্নতির পর তাঁদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি বা ই-মেইলে যোগদানপত্র দিতে বলা হয়েছে। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দিতে হবে।
পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
পদোন্নতির তালিকায় ১০ ডিসি
যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকায় ১০ জন জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন। তাঁরা হলেন ঢাকার ডিসি ফরিদা খানম, পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, গাজীপুরের ডিসি মো. নুরুল করিম ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জের ডিসি আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর ডিসি কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামান, টাঙ্গাইলের ডিসি শরীফা হক, শরীয়তপুরের ডিসি তাহসিনা বেগম, চট্টগ্রামের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদ।