
পাকিস্তানের কাছে সেফ সিটি ও পুলিশ প্রশিক্ষণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান প্রতিরোধ, নগর নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর সদর দপ্তরে গত মঙ্গলবার অনুষ্ঠিত দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক ছাড়াও জাতিসংঘ সদর দপ্তরে ভিয়েতনামের জননিরাপত্তাবিষয়ক উপমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া একই দিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডারসেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোরও বৈঠক হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন নাকভীর সঙ্গে বৈঠকে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, তা দুই দেশের সীমান্ত ও সমাজকে সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
দীর্ঘ ১৪ বছর বিরতির পর চলতি বছরের জানুয়ারি মাস থেকে ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ার বিষয়ে তিনি বলেন, এর ফলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের মানবিক সংকটের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উত্থাপন করেন।
নগর নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের সফল অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের ৪০টিরও বেশি প্রধান শহরে বাস্তবায়িত ‘সেফ সিটি’ উদ্যোগ এবং আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের জন্য অত্যন্ত অনুকরণীয় হতে পারে।
পাশাপাশি বাংলাদেশ পুলিশের পেশাদারি ও দক্ষতা বাড়াতে পুলিশ কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণ প্রদানে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, মিয়ানমার যেন তাদের নাগরিকদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই উপায়ে ফিরিয়ে নেয়, সে জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানের জোরালো ও ধারাবাহিক সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ।
অন্যদিকে ভিয়েতনামের জননিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং-এর সঙ্গে বৈঠককালে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় স্তরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান :স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিয়েছেন। এতে তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।