
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দেশটিতে সফরে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি ব্রিফিং এ এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি আরো জানান, সৌদি যুবরাজও বাংলাদেশে সফরে আগ্রহ প্রকাশ করেছেন।
তবে প্রধানমন্ত্রীর সফরের সময়সূচি ঠিক হয়নি বলে উল্লেখ করেন হুমায়ূন কবির। দুই দেশের সরকারের পারস্পরিক আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। চিঠিতে যুবরাজ জানান যে তিনি প্রধানমন্ত্রীর পাঠানো বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি আরো উল্লেখ করেন. সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর ভ্রাতৃসুলভ মনোভাব দুদেশের সম্পর্কের গভীরতার ইঙ্গিত বহন করে। তিনি দু'দেশের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে এ আমন্ত্রণ গ্রহণ করার জন্য ক্রাউন প্রিন্সের কাছে তার ধন্যবাদ পৌঁছে দেবার অনুরোধ করেন।
সৌদি রাষ্ট্রদূত আরো জানান যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শীঘ্রই বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন।
আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের জন্য তার সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে তা গ্রহণ করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বাংলাদেশে সৌদি আরবের কোম্পানিগুলোর বিনিয়োগের আগ্রহের বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী একে স্বাগত জানিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।