প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:০২ পিএম (ভিজিট : ৪২)

দামুড়হুদা জয়রামপুরে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) লোকজনকে ‘ম্যানেজ’ করে ঠিকাদার দায়সারাভাবে রাস্তার কাজ করছেন।
জানা যায়, গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (জিকেআরআইডিপি) এর আওতায় বারান্দা পাড়া আব্দুল কুদ্দুসের বাড়ি-বাস্তপুর ভায়া নজরুল মেম্বারের বাড়ি সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজ ১২০০-৩২৫০ মিটার রাস্তা প্রায় ২কোটি ৪লক্ষ ৬১হাজার ৩৬৩.০০ টাকা ব্যয়ে নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইফুল হাসান জোয়ার্দার নামের একটি প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের ইট ও ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে রাস্তা নির্মাণে। যার মধ্যে বেশির ভাগ ইট ২ নম্বর ও ৩ নম্বর। আর এসব নিম্নমানের ইট প্রকাশ্যেই ব্যবহার করা হচ্ছে রাস্তা নির্মাণে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, রাস্তা নির্মাণে ব্যবহৃত ইট সহজেই ভেঙে যাচ্ছে এবং বালুতেও মান নিয়ে প্রশ্ন রয়েছে। তারা বলেন, সরকারি অর্থ ব্যয়ে পরিচালিত উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইফুল হাসান জোয়ার্দারের স্বত্বাধিকারী ওয়াহিদ মিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ খালিদ হোসেন বলেন, রাস্তার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই। আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে আছি। কোথাও অনিয়ম বা নিম্নমানের কাজের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।