প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:৪৭ পিএম (ভিজিট : ৬৩)

ফুটবল বিশ্বে ‘৭-১’ সংখ্যাটি শুনলেই ব্রাজিল সমর্থকদের মনে ভেসে ওঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে সেই দুঃস্বপ্নের পরাজয়। তবে ২০২৬ বিশ্বকাপে একই সংখ্যা এবার সেলেসাওদের জন্য নিয়ে এলো স্বস্তি, আত্মবিশ্বাস এবং নতুন আশার বার্তা।
বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচ শেষে ব্রাজিল করেছে ৭ গোল, হজম করেছে মাত্র ১টি। দুর্দান্ত এই পারফরম্যান্সে কার্লো আনচেলত্তির দল ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত করেছে শেষ ৩২-এ জায়গা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মায়ামিতে অনুষ্ঠিত সেই ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, আর একটি গোল যোগ করেন মাথেউস কুনিয়া।
এর আগে উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল।
গ্রুপ পর্বে ৭ গোল করে মাত্র ১ গোল হজম করার ঘটনা ব্রাজিলের জন্য নতুন নয়। সর্বশেষ ২০০৬ বিশ্বকাপেও একই পরিসংখ্যান ছিল সেলেসাওদের। সেবার ক্রোয়েশিয়াকে ১-০, অস্ট্রেলিয়াকে ২-০ এবং জাপানকে ৪-১ গোলে হারিয়ে নিখুঁতভাবে গ্রুপ পর্ব শেষ করেছিল তারা।
এবারও আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড তিন প্রতিপক্ষের বিপক্ষেই গোল করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। এর মাধ্যমে ২০০২ সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করার কীর্তি গড়েছেন তিনি।
আরো একটি পরিসংখ্যান ব্রাজিল সমর্থকদের আশাবাদী করে তুলেছে। এর আগে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন মাত্র চারজন জর্জিনহো (১৯৭০), রোমারিও (১৯৯৪), রোনালদো ও রিভালদো (২০০২)।
আর প্রতিবারই শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা উঠেছিল ব্রাজিলের হাতে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভিনিসিয়ুস জুনিয়র।
গ্রুপে সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে রানার্সআপ হয়েছে মরক্কো। তিন পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড এখন সেরা তৃতীয় দলের আশা নিয়ে অপেক্ষা করছে। আর তিন ম্যাচেই হেরে কোনো পয়েন্ট ছাড়াই বিশ্বকাপ অভিযান শেষ করেছে হাইতি।