প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম (ভিজিট : ৩৮)

হিজরি নববর্ষ ১৪৪৮-এর প্রথম দিনে পবিত্র কাবা ঘরে উন্মোচন করা হয়েছে নতুন গিলাফ (কিসওয়া)। গতকাল সোমবার (১৫ জুন) স্থানীয় সময় এশার নামাজের পর সৌদি আরবের ঐতিহ্য অনুযায়ী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কাবার এই নতুন পোশাক পরিবর্তন করা হয়।
প্রতি বছর হজের সময় গিলাফ পরিবর্তনের রীতি থাকলেও গত কয়েক বছর ধরে হিজরি সনের প্রথম রাতে (১ মহরম) এটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মসজিদুল হারাম ও মসজিদ কর্তৃপক্ষ। এ বছরও সেই ধারাবাহিকতায় রাজপরিবারের প্রতিনিধি ও পবিত্র দুই মসজিদের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
সৌদি আরবের আল জৌদ এলাকার কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে অত্যন্ত সূক্ষ্ম বুননে তৈরি করা হয় এই গিলাফ। এটি তৈরিতে শতাধিক দক্ষ শিল্পীর সময় লেগেছে প্রায় ১১ মাস। ঐতিহ্যবাহী ৭টি ধাপে তৈরি করা এই কিসওয়াতে ৪৭ টুকরো দামি রেশম (সিল্ক) কাপড় ব্যবহার করা হয়েছে।
নতুন এই গিলাফের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ওপর খোদাই করা কোরআনের ৬৮টি আয়াত। ক্যালিগ্রাফিগুলো ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেটের স্বর্ণ ও ১০০ কেজি রুপার সুতা। পুরো গিলাফটির মোট ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।
সৌদির প্রচলিত নিয়ম অনুযায়ী, নতুন গিলাফটি কাবা শরিফের খাদেম ও দায়িত্বপ্রাপ্তদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অন্যদিকে, পুরোনো গিলাফটি ছোট ছোট অংশে কেটে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়।
পবিত্র কাবার এই নতুন রূপ দেখার জন্য সোমবার রাত থেকেই মসজিদুল হারাম প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসল্লি।