প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৮ এএম (ভিজিট : ৫৫)

সংগৃহীত ছবি
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত যুদ্ধ চায় না, বরং শান্তিতে বিশ্বাস করে। তবে দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। প্রতিবেশী একটি দেশকে ইঙ্গিত করে তিনি বলেন, যত দিন সন্ত্রাসবাদে মদদ দেওয়া হবে, তত দিন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে ভারত প্রস্তুত থাকবে।
রোববার ‘ডিফেন্স সামিট ২০২৬’-এ দেওয়া বক্তব্যে রাজনাথ সিং এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তার বক্তব্যে উল্লেখ করা ‘প্রতিবেশী দেশ’ বলতে পাকিস্তানকে বোঝানো হয়েছে।
রাজনাথ সিং বলেন, ভারত শান্তিতে বিশ্বাস করে এবং কোনো দেশের ভূখণ্ড দখল করতে বা অন্য কোনো দেশকে হুমকি দিতে চায় না। তবে শান্ত থাকা আর দুর্বলতার মধ্যে পার্থক্য রয়েছে।
তিনি বলেন, ভারত শান্তি চায়, কিন্তু জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করবে না। প্রতিবেশী দেশ যত দিন সন্ত্রাসবাদে মদদ দিয়ে যাবে, তত দিন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় যেকোনো অভিযান পরিচালনার জন্য ভারত প্রস্তুত থাকবে। এ বার্তাই ওই দেশ এবং বিশ্ববাসীকে জানাতে চায় ভারত।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারত সংলাপ ও সহযোগিতায় বিশ্বাস করে। তবে কোনো দেশ সন্ত্রাসবাদে মদদ দিলে সেই পরিস্থিতিতে সংলাপ চালিয়ে যাওয়া সম্ভব নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ভারত সহযোগিতা চায়, কিন্তু জাতীয় স্বার্থের বিনিময়ে নয়।