প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম (ভিজিট : ৭২)

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন এবং দলীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি আনুষ্ঠানিকভাবে বৈঠকের এজেন্ডা প্রকাশ না করলেও দলীয় একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে।
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। সে কারণে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনোনয়ন নিয়েও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হতে পারে বলে দলীয় নেতারা ইঙ্গিত দিয়েছেন।
এ ছাড়া দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে বিএনপির নীতিগত অবস্থান নির্ধারণ নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দলীয় সূত্রের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির ভবিষ্যৎ কৌশল নির্ধারণেও এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।