| শিরোনাম: |

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্তের নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। জামায়াত চালাক ও ধুরন্ধর একটি দল। তারা নিজেরা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সাথে সম্পর্ক ভালো রাখছে। সংসদ চলাকালে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসা করে বক্তব্য দেয়। কিন্তু তারা মাঠে গিয়ে দেখি গণঅভ্যুত্থানের হুমকি দেয়। আবার তারাই এনসিপির নেতৃবৃন্দকে দিয়ে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে গালিগালাজ করে।
তিনি বলেন, এনসিপির নেতৃবৃন্দকে বলবো আপনারা রাজনীতির পরিবেশকে যদি নষ্ট করেন, তাহলে তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। জামায়াত ও এনসিপির সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন রাশেদ খাঁন।
এর আগে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেনসহ সরকারী কর্মকর্তারা বক্তব্য দেন।
আলোচনা সভায় জেলার নানা উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও তা সমাধানে পরামর্শ গ্রহণ করেন রাশেদ খাঁন এবং তা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।