প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:৫৫ এএম (ভিজিট : ৩৪)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২৬-২৭ অর্থবছরের ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ১ হাজার ৫৪২ কোটি টাকা কম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ডিএনসিসির কনফারেন্স রুমে বাজেট উপস্থাপন করেন প্রশাসক মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে ডিএনসিসির বাজেট ছিল ৬ হাজার ৬৯ কোটি ৯৫ লাখ টাকা। বাজেট কমে যাওয়ার ব্যাখ্যায় প্রশাসক বলেন, আয় ও ব্যয় সমন্বয় করে বাস্তবসম্মত এ বাজেট করা হয়েছে। মূলত সিটি করপোরেশনের আয় ও সরকারি অনুদানের ওপর ভিত্তি করে এ বাজেট করা হয়েছে। প্রশাসক বলেন, স্বল্প বাজেট নিয়েও ডিএনসিসি এলাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। সেখানে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ উন্নয়নমূলক নানা কর্মসূচি রাখা হয়েছে।
এ ছাড়া প্রশাসক জানান, ময়লা অপসারণে ডিএনসিসির আপাতত কোনো ভ্যান সার্ভিস নেই। এটি বিভিন্ন বাড়িমালিক সমিতি ও সোসাইটি নিয়ন্ত্রণ করছে। নতুন আইন করা হয়েছে। অনুমোদন হলে ৫৪ ওয়ার্ডে হোম সার্ভিসের ব্যবস্থা করা হবে।