
ফুটবলের উন্মদনায় ভাসছে পুরো বিশ্ব। এবার রেকর্ড ৪৮টি দেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে। ইতোমধ্যে একমাসে ১০০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণ আর ফাইনালসহ মোট চারটি ম্যাচ বাকি।
অতীতে ২২বার বিশ্বকাপ হয়েছে; জিতেছে ৮টি দল। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বজয় করে তারা। তবে ২০০২ সালের পর সেই ব্রাজিলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেয়।
শুধু ব্রাজিলই নয়, ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে বিশ্বকাপজয়ী জার্মানি এবারও কোয়াটার ফাইনালের আগে বিদায় নেয়। শেষ ৩ বিশ্বকাপে জার্মানির পারফরম্যান্স প্রত্যাশিত মানের নেই।
এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন হলো ইতালি। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ এবং ২০০৬ সালে চ্যাম্পিয়ন হওয়া ইতালি শেষ ৩ বিশ্বকাপে সুযোগ পায়নি। গত দুই দশকে ইতালিয়ান ফুটবলে চরম দুর্দশা।
এবারের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ১৯৩০ ও ১৯৫০ সালের চ্যাম্পিয়ন উরুগুয়ের মতো শক্তিশালী দল। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে উঠেছে তিনবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড।
রোববার (১২ জুলাই) সুইজারল্যান্ডকে হারিয়ে গতবারের মতো ফের শিরোপার দুয়ারে আর্জেন্টিনা। সুইজারল্যান্ড বিদায় নেওয়ার মধ্য দিয়ে নতুন কোনো দলের শিরোপা জয়ের স্বপ্ন ফিঁকে হয়ে গেল। সেমিফাইনালে যে চারটি দল উঠেছে তারা অতীতে শিরোপার স্বাদ পেয়েছে।
এ পর্যন্ত ৩ বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের পর ফের বিশ্বকাপ জয়ের দুয়ারে আর্জেন্টিনা। এ বছরও লিওনেল মেসিদের সুযোগ রয়েছে বিশ্বজয় করার। এবার জিতলে জার্মানি ও ইতালির মতো চারটি বিশ্বকাপ জয়ের নজির গড়বে আর্জেন্টিনা।
গত প্রায় এক দশকে বিশ্ব ফুটবলের অন্যতম সফল দেশটির নাম ফ্রান্স। ২০১৮ বিশ্বকাপ ফ্রান্স জেতে। ২০২২ সালে তারা রানার্সআপ। এবারও সেমিফাইনালে খেলছে টুর্নামেন্টের হট ফেভারিটরা। এর আগে ১৯৯৮ সালেও জিনেদিন জিদানের আমলে বিশ্বজয়ী হয় ফরাসিরা। ২০০৬ সালে রানার্সআপও হয়। জিনেদিন জিদানের সেই লিগ্যাসি বয়ে বেড়াচ্ছেন এমবাপ্পেরা।
একবার করে বিশ্বজয়ের কৃতিত্ব রয়েছে ইংল্যান্ড এবং স্পেনের। ইংল্যান্ড সেই ১৯৬৬ সালে বিশ্বজয়ের খেতাব অর্জন করে। আর স্পেন ২০১০ সালে। এবারও এই দলেরই বিশ্বজয়ের সম্ভাবনা রয়েছে। সেমিফাইনালে স্পেন খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। আর ইংল্যান্ড খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে।