প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:০৬ এএম (ভিজিট : ২৭)

বিশ্বকাপ কি আরও বড় হতে যাচ্ছে? ৩২ দল থেকে ৪৮ দলে সম্প্রসারণের পর এবার আলোচনায় ৬৪ দলের বিশ্বকাপ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ২০৩০ সালের বিশ্বকাপই ৬৪ দল নিয়ে হতে পারে। তবে এটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে আছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮ দলের ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিত ৩২টি দল। তবে শতবর্ষপূর্তির বিশ্বকাপকে আরও বড় পরিসরে আয়োজনের প্রস্তাব ইতোমধ্যেই ফিফার টেবিলে পৌঁছেছে।
ঐতিহাসিক ২০৩০ বিশ্বকাপ হবে তিন মহাদেশের ছয় দেশে। উদ্বোধনী পর্বের ম্যাচ আয়োজন করবে প্রথম বিশ্বকাপের আয়োজক উরুগুয়ে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কনমেবল সদর দপ্তরের দেশ প্যারাগুয়ে। এরপর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মরক্কো, স্পেন ও পর্তুগালে।
সুইস সংবাদমাধ্যম ব্লুইনকে দেওয়া সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, চলতি বিশ্বকাপ শেষ হওয়ার পর ৬৪ দলের ফরম্যাট নিয়ে সংশ্লিষ্ট কমিটিগুলো আলোচনা করবে। তার মতে, বিশ্বকাপ কেবল ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়; এটি পুরো বিশ্বের আসর। ইনফান্তিনোর বিশ্বাস, আরও বেশি দেশকে সুযোগ দিলে বিশ্ব ফুটবলের উন্নয়ন দ্রুত হবে। তার ভাষায়, ছোট দেশগুলোর সামনে বিশ্বকাপে খেলার বাস্তব সুযোগ তৈরি হলে তাদের ফুটবল কাঠামো উন্নয়নের আগ্রহও বাড়বে।
ফিফা সভাপতি দাবি করেছেন, ৪৮ দলের বিশ্বকাপ চালুর সিদ্ধান্ত ‘শতভাগ সফল’ হয়েছে। তবে এই সম্প্রসারণ নিয়ে সমালোচনাও কম নয়। অনেকের মতে, দল বাড়ানোর ফলে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্ব কমে যাচ্ছে এবং মূল আসরের প্রতিযোগিতামূলক মান ক্ষতিগ্রস্ত হতে পারে।
এর আগে বিশ্বকাপ প্রতি চার বছরের বদলে দুই বছর অন্তর আয়োজনের ধারণাও বিবেচনা করেছিল ফিফা। কিন্তু ব্যাপক বিতর্কের মুখে সেই পরিকল্পনা পরে স্থগিত করা হয়।