প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:৪৩ এএম (ভিজিট : ৩৮)

আগের ম্যাচে জোড়া গোল করে বলেছিলেন, ‘আই আম ব্যাক’। তবে পরের ম্যাচেই আবার নিষ্প্রভ দেখা গেলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। তবে প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি অভিজ্ঞ এই ফরোয়ার্ড। পুরো ম্যাচে গোলমুখে মাত্র একটি শট নিতে পেরেছেন তিনি।
প্রথমার্ধে একটি ফ্রি-কিক থেকে নেওয়া দুর্বল শটই ছিল রোনালদোর একমাত্র প্রচেষ্টা। ৯০ মিনিট মাঠে থেকে তিনি বল স্পর্শ করেছেন ৩৫ বার, তবে একটি সফল ড্রিবলও করতে পারেননি।
পরিসংখ্যানেও ফুটে উঠেছে তার নিষ্প্রভ পারফরম্যান্স। পুরো ম্যাচ শেষে ৬.২ রেটিং পেয়েছেন রোনালদো, যা ছিল পর্তুগাল দলের দ্বিতীয় সর্বনিম্ন।
রোনালদো নিজের সেরাটা দেখাতে না পারলেও হার এড়িয়েছে পর্তুগাল। ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালিয়েও জালের দেখা পায়নি কলম্বিয়া। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।