
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানহানির অভিযোগে করা মামলায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাকে গাজীপুর থেকে বগুড়া নিয়ে যাওয়া হয়। গাছা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এ তথ্য দিয়েছেন।
এর আগে গত ১৫ জুন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং দি নিউনেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক-প্রকাশকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সদর থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিবেদক মো. শামস এবং বগুড়া জেলা প্রতিনিধি সাব্বির হাসান।
মামলার আবেদনে বলা হয়, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে বাদী এবং বগুড়ার সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন।
অভিযোগে বলা হয়, গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এবার সাংবাদিকদের উপদেশ দিলেন রাস্তাকাণ্ডে বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে একটি পোস্ট প্রচার করা হয়।
এছাড়া ১৩ জুন প্রধানমন্ত্রীর জাতীয় সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রহমাতুল্লাহ মানিক জানান, মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বগুড়ার ওসি ডিবি ইকবাল বাহার জানান, তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাত ১১টায় গাজীপুর জেলার গাছা উপজেলার বোর্ড বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।