প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:৫০ পিএম (ভিজিট : ৩৭)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চান। একদিনের সফরে কক্সবাজারে গিয়ে দিনের বিভিন্ন কর্মসূচি শেষে চকরিয়ায় এক জনসভায় তিনি এ কথা বলেন। শনিবার (১৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, “কথা একটাই, আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা।”
তিনি বলেন, “আমরা সারা দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ বেডে উন্নীত করব, যাতে গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে না হয়।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আজকে নতুনভাবে বলতে চাই করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ।” শনিবার রাতে পৌর বাস টার্মিনালের সামনে অনুষ্ঠিত সমাবেশ মঞ্চে গিয়ে পৌঁছান সরকারপ্রধান। জেলা বিএনপি আয়োজিত এ সভায় স্থানীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তিনি বক্তৃতা দেন।
এর আগে সকালে আকাশপথে কক্সবাজারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। পরে তিনি পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং সুধী সমাবেশে অংশ নেন।
এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তিনি।
পরবর্তীতে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। চকরিয়ার জনসভা শেষে তিনি কক্সবাজারে লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগ দেবেন। এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন।
দেড় দশকের বেশি সময় লন্ডনে থাকার পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি তার প্রথম কক্সবাজার সফর।