
অফস্পিন অলরাউন্ডার শেখ মেহেদীকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াডে নেয়া হয়েছে। মেহেদী সবশেষ জাতীয় দলে পঞ্চাশ ওভারের ফরম্যাটে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর দল থেকে বাদ পড়েন ১১ ওয়ানডে খেলা মেহেদী।
লম্বা সময় পর তার ডাক পাওয়ার কারণ ব্যাখ্যা করেননি নির্বাচকরা। তবে ধারণা করা হচ্ছে, মাথায় চোট পাওয়া মেহেদী হাসান মিরাজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। সুস্থ হয়ে বাসায় ফিরলেও ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে আছেন কি না, তা নিশ্চিত হবে আগামীকাল তৃতীয় ওয়ানডের সকালে। অধিনায়কের শারীরিক অবস্থা পর্যালোচনার পরই নেয়া হবে সিদ্ধান্ত।
১১ ওয়ানডেতে মেহেদী রান করেছেন ১২২। ব্যাটিং গড় ১৫.২৫। সর্বোচ্চ রান ২৯। সমান ম্যাচে ৩১.১৪ গড়ে উইকেট নিয়েছেন ১৪টি।
অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ এখন নতুন মিশনে। অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের। আগামীকাল ১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।
২০১১ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। এর আগে ২০০৩, ২০০৫, ২০০৮ ও ২০১১ সালে চারটি সিরিজ খেলেছিল। প্রতিবারই ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছিল বাংলাদেশকে।
তবে এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ১৫ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে সিরিজ জিতেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে যেসব দলের বিপক্ষে বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে, তাদের মধ্যে এখন কেবল ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ জয়ের অপেক্ষা রয়ে গেছে। সেই অপেক্ষা হয়তো সামনেই দূর হবে। এর আগে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে এই সিরিজের প্রাপ্তির ষোলোকলা পূর্ণ হবে।
বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।