প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম

তীব্র সমালোচনার মুখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।যার ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে নিয়ে প্রবেশে আর কোনো বাধা থাকছে না।
এর আগে, নির্বাচনের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই বলে জানায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ।
উল্লেখ্য, গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা নিষেধাজ্ঞাটিকে অযৌক্তিক ও বাস্তবতা-বিবর্জিত বলে মন্তব্য করেন।
বিশ্লেষকদের মতে, ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা থাকলে অনেক ভোটার কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হতে পারেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের অনুমোদিত পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য পেশাগত দায়িত্ব পালন কার্যত অসম্ভব হয়ে পড়ত।
এছাড়া ভোটকেন্দ্রে উপস্থিত প্রার্থীদের এজেন্টদের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতো। তারা কোনো অনিয়ম বা কারচুপি প্রত্যক্ষ করলেও তাৎক্ষণিকভাবে নিজ প্রার্থী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারতেন না, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে এই নিষেধাজ্ঞা বহাল থাকলে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হতে পারত বলে মত দেন বিশ্লেষকরা। অবশেষে সমালোচনার মুখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত থেকে সরে এসে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে হাঁটল।