প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:২২ এএম (ভিজিট : ৩৭)

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রথম অফিস করবেন। এদিন দুপুর ১২টায় বঙ্গভবনে যাবেন তিনি।
রোববার (২৬ জুলাই) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর একই দিনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
হাফিজ উদ্দিন আহমদ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে (স্মারক বই) মন্তব্য লেখেন এবং তাতে সই করেন।
এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানরাসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেখান থেকে ফিরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান।