প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:১৮ পিএম (ভিজিট : ৩৯)

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ঘণ্টা বেজে গেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হেক্সা জয়ের স্বপ্ন আরও একবার চূর্ণ হলো। এই নিয়ে পুরো ব্রাজিলে যখন সমালোচনার ঝড়, তখন দলের ভবিষ্যৎ নিয়ে আশার বাণী শোনালেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। মেটলাইফের নাটকীয় হারের হতাশার মধ্যেও ইতালিয়ান মাস্টারমাইন্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের ডাগআউট ছাড়ছেন না তিনি।
গত বছরের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তি সম্প্রতি ২০৩০ সাল পর্যন্ত সেলেসাওদের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। বিশ্বকাপের শেষ ষোলো থেকে এমন আকস্মিক বিদায়ের পরও ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে থেকে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘হার হলো নতুন এক অভিযানের শুরু। এখন আমাদের কঠোর পরিশ্রম ও উন্নতি করে যেতে হবে। এটাই ফুটবল, এটাই খেলাধুলা, যা মেনে নিতেই হবে। সামনে এগিয়ে যেতে এই হারই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।’
চলতি বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স প্রত্যাশানুযায়ী না হলেও, নরওয়ের বিপক্ষে ম্যাচে দলের নিয়ন্ত্রণ ও সুযোগ তৈরির প্রশংসা করেছেন ইতালিয়ান ডিরেক্টর। তবে ট্যাকটিক্যাল কিছু ভুলের কথা অকপটে স্বীকার করে তিনি বলেন, ‘আর্লিং হালান্ডের অতিমানবীয় গতির কারণে মাঠে হাই-প্রেস করতে গিয়ে দলকে বড় মাশুল দিতে হয়েছে।’
আনচেলত্তি যোগ করেন, ‘আজ ফুটবলাররা মাঠে যে দুর্দান্ত প্রচেষ্টা দেখিয়েছে, তা কোনোভাবেই এই হারের যোগ্য ছিল না। ফলাফল হতাশাজনক হলেও খেলোয়াড়দের কঠোর পরিশ্রম এবং দলের চমৎকার পরিবেশের জন্য আমি গর্বিত।’
সমর্থকদের উদ্দেশ্যে সেলেসাও বস জানান, এই পরাজয়ের ক্ষত থেকে শিক্ষা নিয়ে তারা আরও শক্তিশালী দল গঠনে কাজ করে যাবেন। দলে অনেক প্রতিভাবান তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে এবং সামনে আরও নতুন মুখ আসবে উল্লেখ করে আনচেলত্তি বলেন, ‘তাদের নিয়েই আমরা ২০৩০ মিশনের জন্য এগিয়ে যাব।’