শনিবার ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩

শিরোনাম: খামেনির জানাজাকে ঘিরে নজিরবিহীন আয়োজন, প্রস্তুত হচ্ছে ৫ কোটি রুটি   বাবার শেষ বিদায়ে অংশ নিতে চান মোজতবা খামেনি   স্বাস্থ্য অধিদপ্তরের ৬ নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে   জুলাই গণঅভ্যুত্থানে অন্তত ২ হাজার মানুষ শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী   আত্মীয়কে যৌন নিপীড়নের মামলায় এস্তে মেডিকেলের এমডি কারাগারে   টিকিটের আকাশছোঁয়া দামে নতুন করে সমালোচনায় ফিফা   ৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়: প্রধানমন্ত্রী   
খামেনির জানাজাকে ঘিরে নজিরবিহীন আয়োজন, প্রস্তুত হচ্ছে ৫ কোটি রুটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ৪৩)

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর চার মাস পর ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। এতে ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। বিশাল এই জনসমুদ্রের খাবার নিশ্চিতে ১৬টি ভ্রাম্যমাণ বেকারিসহ ৫ কোটি রুটি তৈরির প্রস্তুতি নিয়েছে দেশটি।

ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ জানিয়েছে, আগত শোকগ্রস্ত মানুষদের খাওয়ানোর জন্য ১৬টি ভ্রাম্যমাণ বেকারিসহ ৫ কোটি রুটি তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া ২ হাজার ৫০০টি অ্যাম্বুলেন্স, ২১টি হেলিকপ্টার, ১০০টি ড্রোন এবং ২০ হাজার ক্লাসরুম আবাসন হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

বাসিজ আরো জানিয়েছে, তেহরানের ইতিহাসে সবচেয়ে বড় ট্রাফিক পরিকল্পনা নেওয়ার পাশাপশি ব্যক্তিগত গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জুলাইয়ের তীব্র গরম থেকে জনতাকে বাঁচাতে মোসাল্লা কমপ্লেক্সের চত্বরে ৬ হাজারের বেশি পানির স্প্রিঙ্কলার বসানো হয়েছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের লক্ষ্য দেশের ইতিহাসে সর্ববৃহৎ 'বিদায় অনুষ্ঠান' করা। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসলামিক প্রজাতন্ত্রের টিকে থাকার এবং প্রতিরোধের ক্ষমতা প্রদর্শন করা হবে। তবে এই বিশাল আয়োজনের কারণে তেহরানের সাধারণ নাগরিকেরা তীব্র ট্রাফিক জ্যাম ও জ্বালানি সংকটের মতো ভোগান্তিতেও পড়েছেন।

গতকাল শুক্রবার তেহরানে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলী খামেনির শোক ও দাফন অনুষ্ঠান শুরু হয়েছে। টানা সাত দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল তেহরানে বিদেশি নেতাদের বেশির ভাগই খামেনির প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছেন। আজ সকাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষশ্রদ্ধা জানাতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার বাইরে লাখ লাখ মানুষ সারিতে দাঁড়িয়েছেন।

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরে মানুষের ঢল নেমেছে। গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে পৌঁছানোর জন্য ভোর থেকেই লাখ লাখ মানুষ দ্রুতগামী এই গণপরিবহন ব্যবস্থা চালুর অপেক্ষায় জড়ো হন।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-এর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক পরিহিত শত শত শোকার্ত মানুষ বন্ধ স্টেশনের গেটের সামনে অপেক্ষা করছেন। গেট খোলার পর প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়।

উল্লেখ্য, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোজতবা আলী খামেনি শোক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। সম্প্রতি মোজতবাকে হত্যার হুমকি দিয়েছে ইসরাইল। সেই হুমকির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে আয়াতুল্লাহ খামেনিকে গত মার্চ মাসে দাফন করার পরিকল্পনা ছিল। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সেই সূচি পিছিয়ে দেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই দিনই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন শুরু হয়েছিল।

আগ্রাসনের ৪০ দিনের মাথায় পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ১৭ জুন দেশ দুটি একটি সমঝোতা স্মারকে সই করে। এখন তারা কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ী শান্তিচুক্তির জন্য আলোচনা চালাচ্ছে।

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল তেহরানে আয়াতুল্লাহ খামেনির প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলি, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গতকাল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শেষশ্রদ্ধা জানিয়েছেন।

তেহরানে আয়োজিত এ অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানান ভারতের বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় উপপররাষ্ট্রমন্ত্রী মার্গারিটা, চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির সহসভাপতি হে ওয়েই, তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রমুখ। আরো ছিলেন ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর প্রতিনিধিরা।

তবে পশ্চিমা কোনো কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়নি।












  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]