প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:০৯ এএম (ভিজিট : ৩৪)

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে গত শুক্রবার পবিত্র আশুরা পালিত হয়েছে। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের মানুষ তাজিয়া মিছিল, মজলিস ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।
হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীতীরে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে নির্মমভাবে শহীদ হন। অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে তাঁর এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।
পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় রাজধানীর হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান তাজিয়া মিছিল বের হয়। এতে হাজারো নারী-পুরুষ ও শিশু অংশ নেন। খালি পায়ে, বুক চাপড়ে এবং ‘ইয়া হোসাইন, ইয়া হোসাইন’ ধ্বনিতে শোক প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। মিছিলকারীদের অধিকাংশের পরনে ছিল কালো পোশাক, যা কারবালার শোকের প্রতীক।