প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৩৭ পিএম (ভিজিট : ৫১)

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১টায় ঘুরকা বাজার এলাকায় স্থানীয় ভূমিহীন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ঘুরকা ভূমিহীন আঞ্চলিক কমিটির সেক্রেটারি সিদ্দিকুর রহমান, কমিটির সদস্য রমা রানী, সংগঠনের কিশোর সদস্য সামিদুল ইসলাম, ঘুরকা বাজার বণিক সমিতির সেক্রেটারি ফকরুল হাসান (ঝন্টু), পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস, ভুক্তভোগী শিশুর বাবা উৎপল দাস এবং অবনীন্দ্রনাথ রায়।
বক্তারা বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তারা গ্রেপ্তার হওয়া আবু হানিফের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ১৪ জুন উপজেলার দাদপুর দাসপাড়া এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঘুরকা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।