
ঢাকার সঙ্গে আশপাশের জেলাগুলোর রেল সংযোগ করার চিন্তা আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। পাশাপাশি আরও ১০টি জেলায় রেল সংযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।
শেখ রবিউল আলম জানান, আজকে রেল মন্ত্রণালয়ের সর্বশেষ কার্যক্রম এবং সামগ্রিক কানেক্টিভিটি, সামগ্রিক সেবা কোন পর্যায়ে আছে এবং উন্নয়নের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কোন কার্যক্রম চলমান আছে এবং আগামীতে কোন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে একটা মিটিং ছিল।
প্রধানমন্ত্রী সেটি জেনেছেন, দেখেছেন, বুঝেছেন এবং তার মতামতও যুক্ত করেছেন। সেই সামগ্রিক যোগাযোগ কানেক্টিভিটি এবং সেবার মান নিয়ে পর্যালোচনাপূর্বক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেটাই ছিল আজকের প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং নির্দেশনায় রেল মন্ত্রণালয়ের বর্তমান কাজ এবং আগামী দিনের করণীয় বিষয়ক আলোচনা। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে এবং কী পন্থা অবলম্বন করতে হবে, বেশ কিছু পদক্ষেপ এবং প্রকল্প গ্রহণে প্রয়োজনীয় দল নিশ্চিত হয়েছে অথবা যে প্রয়োজন ছিল সেটা বাস্তবায়ন হতে যাওয়ার প্রক্রিয়া অনুসরণ করতে যাওয়া হচ্ছে।
’
মন্ত্রী বলেন, ইতোমধ্যেই আমরা বড় কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছি। যেমন আখাউড়া, সিলেট, সিরাজগঞ্জ, বগুড়া। সেটা তো আছেই। আমাদের ভৈরব রুটে একটা আইসিডি কন্টেইনার প্রকল্প ইতোমধ্যে পাস হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামের যাওয়ার যে পথ, সেটা কিছু মিটার গেজ, কিছু হচ্ছে ব্রড গেজ। মিটার গেজ যেখানে আছে, বিশেষ করে টঙ্গী থেকে আখাউড়া এবং লাকসাম থেকে সিলেট, এতটুকু মিসিং লিংক আছে। সেটা ডুয়েল গেজ ডাবল লাইন হবে, সেই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ঢাকা থেকে কুমিল্লা একটা কোডলাইন, এটাও কিন্তু জরুরি, সে ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং এটা বাস্তবায়ন করবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে।
রেলমন্ত্রী বলেন, এই মুহূর্তে বাংলাদেশে ৪৯টি জেলা রেল যোগাযোগের সাথে যুক্ত আছে। আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল ৬৪ জেলাকেই আমরা রেল যোগাযোগের সাথে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরও ১০টি জেলায় কীভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায়, সে ব্যাপারে রেললাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে এবং সেটা বাস্তবায়নের জন্য একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। তার মানে আরও ১০টা জেলা যুক্ত করতে আমরা চাই।
১০টা জেলার ভেতরে কোন কোন জেলা রয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, যেখানে একেবারে নেই। যেমন মানিকগঞ্জ, ঢাকার কাছে কিন্তু নেই। আমরা চাচ্ছি যে যেহেতু কমিউটার ট্রেন চালুর একটা অঙ্গীকার আছে। ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী, জয়দেবপুর, ঢাকা-মানিকগঞ্জ, ঢাকা-নরসিংদী। মানিকগঞ্জ ট্রেন যোগাযোগ নেই। আমরা ঢাকা-মানিকগঞ্জ করার একটা সিদ্ধান্ত নিয়েছি যে কমিউটার ট্রেন, মানে ঢাকা থেকে মানুষ পাশের জেলাগুলোতে দ্রুততম সময় আসতে পারে এবং যেতে পারে। এই ধরনের একটা কানেক্টিভিটি করার চিন্তা আছে।