প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ পিএম (ভিজিট : ১১১)

ঝিনাইদহের মহেশপুরে ১৮ মাস আগে নিখোঁজ হওয়া ১৭ বছরের কিশোরী নিঝুম খাতুনের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মাশরিকুল রহমান জিম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জিম হত্যার কথা স্বীকার করেছেন।
২০২৫ সালের ১৩ মার্চ মহেশপুর উপজেলার ফতেপুর গ্রাম থেকে নিখোঁজ হন নিঝুম। পরে তার মা তাসলিমা খাতুন মহেশপুর থানায় সাধারণ ডায়েরি করেন। দীর্ঘদিনেও মেয়ের সন্ধান না পাওয়ায় পরবর্তীতে অপহরণ মামলা করেন তিনি।
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্তে নেমে মাশরিকুল রহমান জিমকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে জিম জানান, নিঝুমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন বেড়ানোর কথা বলে তাকে পাবনার ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকায় নিয়ে যান তিনি।
পুলিশ জানায়, সেখানে বিয়ের বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হলে জিম নিঝুমকে চড় মারেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে রেললাইনের পাশের নির্জন স্থানে নিয়ে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জিম স্বীকারোক্তি দিয়েছেন। পরে লাশ ফেলে রেখে ট্রেনে করে পালিয়ে যান তিনি।
তদন্তে জানা যায়, ২০২৫ সালের ১৭ মার্চ পাকশী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে মরদেহটি দাফন করা হয়।
পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটে সংরক্ষিত মরদেহের ছবি ও পরিহিত পোশাকের তথ্যের ভিত্তিতে নিঝুমের মরদেহ শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৬ জিম আদালতে নিঝুম হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।