
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তিনি স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ‘গুরুতর অসুস্থতা’র কথা উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এর পেছনে রাজনৈতিক চাপও ছিল।
তবে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেওয়ার এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে বিভিন্ন সময়ে আরও পাঁচজন রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। আবার দায়িত্বে থাকা অবস্থায় নিহত হয়েছেন দুজন এবং মৃত্যুবরণ করেছেন একজন।
রাজনৈতিক ও সামরিক পটভূমিতে পদত্যাগ
রাষ্ট্রপতির পদ থেকে রাজনৈতিক বা সামরিক পরিস্থিতির কারণে প্রথম বিদায় নিতে হয় বাংলাদেশের চতুর্থ রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদকে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানের পর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনেন এবং ‘ইনডেমনিটি অর্ডিন্যান্স’ জারি করেন। একই বছরের ৩ নভেম্বর আরেক সামরিক অভ্যুত্থানের পর তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
সপ্তম রাষ্ট্রপতি আবদুস সাত্তার রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরে ১৯৮১ সালের নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রপতি হন। কিন্তু ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের পর তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন।
এরপর সেনাশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন এবং ১৯৮৬ সালে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হন। দীর্ঘ স্বৈরশাসনের বিরুদ্ধে গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
সংসদীয় ব্যবস্থায় প্রথম পদত্যাগ
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সীমিত হয়ে যায়। এই ব্যবস্থায় প্রথম পদত্যাগ করেন দেশের ১২তম রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
২০০১ সালে দায়িত্ব নেওয়ার পর ২০০২ সালের ৩০ মে রাষ্ট্রপতি হিসেবে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সমাধিতে না যাওয়ার সিদ্ধান্ত নেন। এ নিয়ে বিএনপির ভেতরে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তুতির কথাও আলোচনায় আসে। দলীয় চাপের মুখে ২০০২ সালের জুনে তিনি রাষ্ট্রপতির পদ ছাড়েন। পরে বিএনপি থেকেও পদত্যাগ করেন।
রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনে পদত্যাগ
স্বাধীনতার পর রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের অংশ হিসেবে দুজন রাষ্ট্রপতিও পদত্যাগ করেছিলেন। এগুলো রাজনৈতিক বিরোধ বা জোরপূর্বক পদত্যাগ ছিল না।
দ্বিতীয় রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর পদত্যাগ করে বৈদেশিক সম্পর্কবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেন।
তাঁর পদত্যাগের পর মোহাম্মদ মোহাম্মদউল্লাহ রাষ্ট্রপতি হন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু করে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে তিনি দায়িত্ব ছাড়েন। পরে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলেও একই বছরের ৭ নভেম্বর সেই পদ থেকেও পদত্যাগ করেন।
দায়িত্বে থাকা অবস্থায় নিহত ও মৃত্যুবরণ
বাংলাদেশের ইতিহাসে দায়িত্বে থাকা অবস্থায় নিহত হয়েছেন দুজন রাষ্ট্রপতি। প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা অভ্যুত্থানে নিহত হন। ষষ্ঠ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন।
এ ছাড়া ২০১৩ সালে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেন ১৪তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
পদত্যাগী রাষ্ট্রপতিরা
বাংলাদেশে বিভিন্ন সময়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন-
>আবু সাঈদ চৌধুরী
>মোহাম্মদ মোহাম্মদউল্লাহ
>খন্দকার মোশতাক আহমদ
>আবদুস সাত্তার
>হুসেইন মুহাম্মদ এরশাদ
>একিউএম বদরুদ্দোজা চৌধুরী
>মো. সাহাবুদ্দিন